আইন আদালত
লালমনিরহাটে ওয়াজেদ আলী হত্যা মামলা: একজনের যাবজ্জীবন
দীর্ঘ ১৫ বছরের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩০২ ধারায় প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে এই সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদেশে আরও উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, আসামি মামুনুর রশীদ সুমন তদন্ত ও বিচার চলাকালে আগে যতটুকু সময় কারাগারে অতিবাহিত করেছেন, তা তার মূল সাজা (যাবজ্জীবন) থেকে কর্তন করা হবে। এছাড়া মামলার আলামতসমূহ বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন এবং তাদের জামিনদারের মুচলেকা থেকে অব্যাহতি দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, শাহিন পিচ্চি, ফরিদুল ইসলাম ভুট্টু, নুর আলম, লিটন মিয়া, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম (পলাতক) এবং মামলার অপর এক আসামি। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ওয়াজেদ আলী প্রধানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় ধরে আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জেরা এবং উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এই ঐতিহাসিক রায় প্রদান করা হলো। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। "দীর্ঘ ১৫ বছর পর হলেও এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষের আইনজীব— মোঃ গোলাম মোস্তফা।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীর রায়ের বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন।