সমালোচিত হরিদাস তরনী গ্রেপ্তার সিআইডির অভিযান মানিলন্ডারিং মামলায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
মোঃ আশরাফজ্জামান খান তরু, গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি স্থাপনের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
এর আগে রোববার (১২ জুলাই) গভীর রাতে ঢাকায় সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরার পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় সিআইডির বিশেষ দল পলাশবাড়ী পুলিশের সহযোগিতায় হরিদাসকে গ্রেপ্তার করে। পরে তাকে সিআইডির হেফাজতে নিয়ে ঢাকায় পাঠানো হয়।
ওসি আরও বলেন, হরিদাস চন্দ্র তরনী দাস দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। তার বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে প্রতারণার অভিযোগ রয়েছে। এর আগেও ২০২২ সালের ৮ নভেম্বর বিভিন্ন কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয় ব্যবহার করে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি এবং প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হন।
সেই মামলায় জামিন পাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। পরে দেশে ফিরে ধর্ম ও মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক পর্যায়ে তিনি ধর্ম পরিবর্তন করে ‘তাওহীদ ইসলাম’ নাম গ্রহণ করেন এবং সুমি ইসলাম নামে এক নারীকে বিয়ে করেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়ার পর তিনি নতুন করে আলোচনায় আসেন। গত কয়েক মাস ধরে উন্মুক্ত স্থানে রামমূর্তি নির্মাণের প্রতিবাদে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। এসব সংগঠনের পক্ষ থেকে রামমূর্তি নির্মাণ বন্ধ, হরিদাসকে গ্রেপ্তার এবং তার বিপুল সম্পদের উৎস তদন্তের দাবি জানানো হয়।
এদিকে, পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ী ইমাম-ওলামা পরিষদের উদ্যোগে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আরও পড়ুন
নওগাঁয় গরুবোঝাই ভুটভুটি পুকুরে উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ৫ জন
চা চাষিদের ভর্তুকির সার বরাদ্দ নিশ্চিতের আশ্বাস, চায়ের চোরাচালান রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
চরভদ্রাসনে ভুবনেশ্বর খাল খননে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম শ্রমিকের তালিকায়