নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে অঙ্গিকার, স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

স্বপ্না আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের অডিটরিয়ামে বুধবার (১৫ জুলাই) সকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মেধার সাথে অধ্যাবসায় যোগ করেই তোমরা এখানে ভর্তির সুযোগ পেয়েছ। তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই; কবি নজরুলের আদর্শে সবাই তোমরা মানুষ। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, নিজেকে আগামী দিনের জন্য দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলা বা সহ-শিক্ষা কার্যক্রমেও তোমাদের মনোযোগী হতে হবে।’

 

​ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল ট্রান্সফরমেশনের আওতায় আনা হবে। শিক্ষক সংকটসহ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে ইউজিসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে বিশেষ অগ্রাধিকার দেবে।’

 

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান উদ্ভাবনই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের মূল মানদণ্ড। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিষয়ক অনুষদগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কাজ করে যাচ্ছি।’

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

 

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ একটি কিট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শওকত ইকবাল, মৃত্তিকা দত্ত প্রীতি, হাবিবুর রহমান হাবিব এবং মামুন সরকার নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com